হ্যাটট্রিকের কথা ভুলেই গিয়েছিলেন খালেদ

হ্যাটট্রিকের কথা ভুলেই গিয়েছিলেন খালেদ

ফন্ট সাইজ:

ইংল্যান্ডে যেন বাংলাদেশি পেসারদের জয়জয়কার চলছেই। হাসান মাহমুদ কেন্ট ছেড়ে গেলেও তার রেখে যাওয়া ছন্দটাই যেন এখন বহন করছেন সৈয়দ খালেদ আহমেদ। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুতে রীতিমতো আগুন ঝরাচ্ছেন এই পেসার, তবে মজার বিষয় হলো—হ্যাটট্রিকের এত কাছে গিয়েও সেটি খেয়ালই করেননি তিনি।

ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে চলমান চার দিনের ম্যাচে দুই ইনিংস বোলিং করে ইতিমধ্যে ৮ উইকেট নিয়ে ফেলেছেন খালেদ। প্রথম ইনিংসে ফাইফার তুলে নেওয়ার পথে হ্যাটট্রিকের একদম দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন তিনি। ৫৯তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে তুলে নিয়েছিলেন মিচেল স্ট্যানলি ও প্রতিপক্ষ অধিনায়ক জেমস অ্যান্ডারসনের উইকেট। তবে অ্যান্ডারসনের সেই আউটেই শেষ হয়ে যায় প্রতিপক্ষের ইনিংস, ফলে হ্যাটট্রিকের সুযোগও হাতছাড়া হয়ে যায় তার।

গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষে খালেদের নামের পাশে যোগ হয় মোট ৮ উইকেট। ম্যাচ শেষে তার কাছে জানতে চাওয়া হয় সম্ভাব্য হ্যাটট্রিকের প্রসঙ্গে। উত্তরে ৩৩ বছর বয়সী এই পেসার বলেন, ‘হ্যাঁ, আমি এটা ভুলেই (সম্ভাব্য হ্যাটট্রিক) গিয়েছিলাম। তবে এমন বোলিংয়ে খুবই খুশি। সতীর্থরাও প্রশংসা করেছে।’ এই আলাপে উঠে আসে সাবেক সতীর্থ হাসান মাহমুদের প্রসঙ্গও। খালেদ জানান, ‘সে (হাসান) আমাকে এক ভিডিওতে শুভকামনা জানিয়েছে।’

প্রথম ইনিংসে মাত্র ৪২ রান খরচায় ৫ উইকেট নেওয়া খালেদ দ্বিতীয় ইনিংসে কিছুটা বেশি রান (৫২) দিলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে তুলে নেন আরও ৩ উইকেট। তবে এই পারফরম্যান্সের মাঝেও জাতীয় দলের সতীর্থ হাসানের অভাব অনুভব করছেন তিনি। ম্যাচ শেষে খালেদ বলেন, ‘আমি হাসানকে মিস করছি। আর প্রথম ইনিংসে কেউ একজন আমাকে বলল, ‘তুমি হ্যাটট্রিকের সুযোগ হারিয়েছ।’ অবশ্যই হ্যাটট্রিক করতে চেয়েছিলাম। তবু আমি খুশি।’

জুনে কেন্টের হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত দুই দফায় চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন খালেদ। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুতে ইতিমধ্যে তার শিকার সংখ্যা ২৬ উইকেট, যার মধ্যে রয়েছে দুটি ফাইফার—একটিতে তো এক ইনিংসেই তুলে নিয়েছিলেন ১০ উইকেট। ডার্বিশায়ারের বিপক্ষে অভিষেক ম্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত দুই ম্যাচেই তার শিকার সংখ্যা ১১।

কেন্ট-ল্যাঙ্কাশায়ারের এই চার দিনের ম্যাচটি আজ তৃতীয় দিনেই শেষ হয়ে যেতে পারে। চতুর্থ ইনিংসে খালেদের দল কেন্টের সামনে লক্ষ্য ১৪০ রান। গতকাল ২ উইকেটে ৮৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে তারা, ব্যাটিংয়ে অপরাজিত রয়েছেন তাওয়ান্দা মুই (৩৭) ও স্যাম নর্থইস্ট (২৩)। বর্তমানে ১৩ ম্যাচে ১৭৬ পয়েন্ট নিয়ে ডিভিশন টু-এর পয়েন্ট তালিকায় তিন নম্বরে আছে কেন্ট। শীর্ষে থাকা ডারহাম ও নর্দাম্পটনশায়ারের পয়েন্ট যথাক্রমে ২৩৫ ও ১৭৮, দুই দলই খেলেছে সমান ১৩টি করে ম্যাচ।