সুদানে সোনার খনি ধসে নিহত অন্তত ৮২, নিখোঁজ বহু

সুদানে সোনার খনি ধসে নিহত অন্তত ৮২, নিখোঁজ বহু

ফন্ট সাইজ:

সুদানের একটি দুর্গম এলাকায় সোনার খনি ধসে অন্তত ৮২ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার স্থানীয় কর্মকর্তা ও সমাজকর্মীরা এ তথ্য জানিয়েছেন। সীমিত উদ্ধার সরঞ্জাম নিয়ে এখনও নিখোঁজ বহু শ্রমিকের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। খবর বার্তা সংস্থা এপির।

যুদ্ধবিধ্বস্ত দেশটির পশ্চিম কর্ডোফান প্রদেশের নুহুদ শহরের আল-জারা সোনার খনিতে এই দুর্ঘটনা ঘটে। এলাকাটি বর্তমানে সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফের নিয়ন্ত্রণে রয়েছে। গোষ্ঠীটি গত তিন বছরেরও বেশি সময় ধরে দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। সংকটকালে সহায়তা প্রদানকারী স্থানীয় তৃণমূল নেটওয়ার্ক ইমার্জেন্সি রেসপন্স রুমসের সদস্য সুলেইমান আবু হুমাইদা জানান, বুধবার বিকেল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৮২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন।

এক স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত রবিবার খনির একটি সুড়ঙ্গ ধসে পড়ে এবং দ্রুত তা পরস্পরের সঙ্গে যুক্ত অন্যান্য সুড়ঙ্গেও ছড়িয়ে পড়ে। উদ্ধার তৎপরতায় কেবল একটি ব্যক্তিমালিকানাধীন ফর্কলিফট বা মালামাল তোলার যন্ত্র ব্যবহার করা সম্ভব হচ্ছে। পর্যাপ্ত আধুনিক সরঞ্জামের তীব্র সংকটের কারণে জীবিতদের উদ্ধার করা কিংবা ধ্বংসস্তূপ সরানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।