আগামী সপ্তাহে উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প

এক্সিওসের প্রতিবেদন

আগামী সপ্তাহে উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প

ফন্ট সাইজ:

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পরবর্তী কৌশল নির্ধারণে এ বৈঠকে বসতে চাচ্ছেন তারা। একই সঙ্গে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের নেয়া ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই হবে এ বৈঠকের মূল লক্ষ্য। মার্কিন কর্মকর্তাদের বরাতে এ খবর জানায় এক্সিওস।

উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের শীর্ষ নেতা বা পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে। বুধবার ট্রাম্প মন্তব্য করেন, তিনি আশা করছেন তারা যুদ্ধের শেষ প্রান্তের দিকে এগোচ্ছেন। তিনি আরও দাবি করেন, ইরান সরাসরি একটি চুক্তিতে পৌঁছানোর আগ্রহ প্রকাশ করেছে। মার্কিন ঘাঁটির অবস্থান থাকায় এসব উপসাগরীয় দেশ যুদ্ধে সরাসরি ইরানের হামলার শিকার হয়েছে এবং তাদের তেল ও গ্যাস রপ্তানি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার থেকেই উপসাগরীয় নেতাদের কাছে বৈঠকের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠাতে শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরবর্তীতে অন্যান্য আরব ও মুসলিম দেশের নেতারাও এই আলোচনায় যুক্ত হতে পারেন।