নেপালে বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ নেপালের প্রধানমন্ত্রীর

নেপালে বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ নেপালের প্রধানমন্ত্রীর

ফন্ট সাইজ:

নেপালে ভয়াবহ বন্যার পর বাংলাদেশ সরকারের ১০ লাখ মার্কিন ডলার সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় নিহতদের জন্য শোকপ্রস্তাব গ্রহণের উদ্যোগেরও প্রশংসা করেছেন তিনি। ১০ সেপ্টেম্বর তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে বালেন্দ্র শাহ এসব কথা জানান। চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন, গত ২৬ আগস্ট আকস্মিক বন্যায় নেপালে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর প্রভাব পড়েছে দেশটির বিভিন্ন সম্প্রদায়ের ওপরও। এই পরিস্থিতিতে ত্রাণ ও মানবিক কার্যক্রমে বাংলাদেশ যে ১০ লাখ মার্কিন ডলার দিয়েছে, তা নেপালের জন্য বড় সহায়তা হবে বলে উল্লেখ করেন বালেন্দ্র শাহ। তিনি বলেন, বন্যার পর পুনরুদ্ধার ও মানুষের জীবন পুনর্গঠনে এই সহায়তা কাজে আসবে।

বাংলাদেশের জাতীয় সংসদে শোকপ্রস্তাব গ্রহণের উদ্যোগের কথাও চিঠিতে উল্লেখ করেন তিনি। বালেন্দ্র শাহ বলেন, এই উদ্যোগ নেপালের মানুষের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিক সহমর্মিতা ও সংহতির প্রকাশ। নেপাল বাংলাদেশকে শুধু ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও বিবেচনা করে বলে উল্লেখ করেন নেপালের প্রধানমন্ত্রী। দুই দেশের মানুষের মধ্যে শক্তিশালী সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। দুর্যোগের সময়ে বাংলাদেশের সহযোগিতা নেপালের মানুষের হৃদয়ে গভীরভাবে জায়গা করে নিয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন বালেন্দ্র শাহ।