ভার্গো তামাক লিমিটেডের সাড়ে ৭২ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন

ফন্ট সাইজ:

গাজীপুরের ভার্গো তামাক লিমিটেডের বিরুদ্ধে অভিনব কৌশলে প্রায় সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রাথমিক প্রমাণ পেয়েছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ভ্যাট চালান ছাড়া পণ্য সরবরাহ, ব্যবহৃত ও নকল ব্যান্ডরোল ব্যবহার এবং আলামত ধ্বংসের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত ২ সেপ্টেম্বর (বুধবার) গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা দলের দুটি ইউনিট একযোগে কারখানাটিতে আকস্মিক অভিযান চালায়। বাইরে থেকে গেট বন্ধ রেখে ভেতরে উৎপাদন চালানো হচ্ছিল। বারবার অনুরোধেও সাড়া না দেওয়ায় গোয়েন্দা দল দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তল্লাশি চালানোর একপর্যায়ে কারখানা চত্বরে ব্যবহৃত ও নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট পোড়াতে দেখা যায়। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আনুমানিক ৫০ লাখ শলাকা সিগারেট পুড়িয়ে ফেলার বিষয়টি প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার লিখিতভাবে স্বীকার করেন।

পরবর্তীতে কারখানা ও সংলগ্ন গুদামে তল্লাশি চালিয়ে ব্যবহৃত স্ট্যাম্প, তামাকের কাঁচামাল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা হয় কিছু বিদেশী ব্র্যান্ডের সিগারেটের নমুনা ও খালি প্যাকেট। সাইবার ফরেনসিক টিম জব্দকৃত মোবাইল ফোনের চ্যাট হিস্ট্রি ও বিক্রয় সংক্রান্ত গোপনীয় মেসেজ বিশ্লেষণ করে নিশ্চিত হয় যে, দীর্ঘদিন ধরে উৎপাদিত সিগারেটের একটি বড় অংশ মূল হিসাব বইয়ে গোপন রেখে মূসক চালান ছাড়া বাজারে সরবরাহ করা হচ্ছিল।
প্রাথমিক হিসাব অনুযায়ী, সরকারের প্রাপ্য সম্পূরক শুল্ক ও ভ্যাট বাবদ মোট সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়ার তথ্য মিলেছে। এ ঘটনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী মামলা দায়েরের পাশাপাশি ঘটনার বিস্তারিত অনুসন্ধান চালানো হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভ্যাট গোয়েন্দা দপ্তর।