২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল এবং বিশিষ্ট লেখক ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগপত্রে নাম থাকা অপর ছয়জন হলেন—এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক (আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি), অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন (ঢাকা বিশ্ববিদ্যালয়), সাদ্দাম হোসেন (বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন সভাপতি), শেখ ওয়ালী আসিফ ইনান (ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক), মাজহারুল কবির শয়ন (ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি), তানভীর হাসান সৈকত (ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সাধারণ সম্পাদক)।
অভিযুক্তদের মধ্যে বিচারপতি মানিক, অধ্যাপক জামাল উদ্দিন এবং তানভীর হাসান সৈকত বর্তমানে কারাগারে আটক রয়েছেন। বাকি আসামিরা পলাতক। ট্রাইব্যুনালের কার্যক্রম শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্ররোচনা, ষড়যন্ত্র, হামলার চেষ্টা ও সহযোগিতার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। তিনি উল্লেখ করেন, তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল উসকানিমূলক বক্তব্য দেন এবং ষড়যন্ত্রে লিপ্ত হন, যার ফলশ্রুতিতে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ওপর বর্বরোচিত হামলা চালায়। এসব অভিযোগের ভিত্তিতেই প্রসিকিউশন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক চার্জ দাখিল করেছে।
