৩ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা

৩ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা

ফন্ট সাইজ:

ঢাকায় তিনটি মেট্রোরেল লাইন নির্মাণ ও সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা। আজ বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়। অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো- মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রোরেল লাইন-১ এবং মেট্রোরেল লাইন-৫ নর্দান রুট।

প্রকল্পসূত্রে জানা যায়,এমআরটি লাইন-১ প্রকল্পের আওতায় বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য ৩১ দশমিক ২৪ কিলোমিটার। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত এমআরটি লাইন-৫ নর্দান রুটের দৈর্ঘ্য ২০ কিলোমিটার। প্রকল্পটির সংশোধিত ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা। গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত এমআরটি লাইন-৫ সাউদার্ন রুটের দৈর্ঘ্য ১৭ দশমিক ২০ কিলোমিটার। এর মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার হবে পাতালপথ। নতুন এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।
আজকের একনেক সভায় ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত ১৬ প্রকল্পের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থাকছে ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা। প্রকল্প ঋণ থেকে আসবে ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা। বাকি ৭২ কোটি ৪৭ লাখ টাকা দেবে সংশ্লিষ্ট সংস্থা। প্রকল্পগুলোর মধ্যে ১২টি নতুন এবং চারটি সংশোধিত।