ভাইরাল গলফ কোর্সের ছবির আসল সত্য

ট্রাম্প কি নাটালিকে সত্যি চুমু দিচ্ছেন?

ভাইরাল গলফ কোর্সের ছবির আসল সত্য

ফন্ট সাইজ:

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ছবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে তার নির্বাহী সহকারী নাটালি হার্পকে গলফ কোর্সে চুমু দিতে দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। ছবিটি অনলাইনে ব্যাপক জল্পনার জন্ম দিয়েছে। কেউ কেউ এটিকে তাদের কথিত প্রেমের সম্পর্কের প্রমাণ হিসেবেও উপস্থাপন করছেন। তবে ছবিটি আসল- এমন দাবির পক্ষে এ পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ছবিটিতে সাদা শার্ট ও হালকা রঙের প্যান্ট পরা এক ব্যক্তিকে স্বর্ণকেশী এক নারীর খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই নারী সাদা পোশাক পরেছেন বলে মনে হচ্ছে। তার হাতে গলফ গ্লাভস ও একটি গলফ ক্লাব রয়েছে। পেছনে একটি গলফ কার্ট ও গলফ কোর্স দেখা যাচ্ছে। ছবিটির কিছু জায়গা ঝাপসা। তবে অনলাইনে এর তুলনামূলক স্পষ্ট একটি সংস্করণও ছড়িয়ে পড়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

প্রেসিডেন্টের খুব কাছাকাছি থাকার কারণে ছবিটি বিশেষভাবে নজর কেড়েছে। বিভিন্ন প্রতিবেদনে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে হার্পের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। প্রেসিডেন্টের পাশে তাকে প্রায়ই দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ব্যবহারকারী দাবি করেছেন, এআই শনাক্তকারী বিভিন্ন টুল ছবিটিকে কৃত্রিম বা এআই-নির্মিত হিসেবে চিহ্নিত করেছে। উচ্চ রেজল্যুশনের সংস্করণে ওই নারীর এক হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে বলেও দাবি করা হয়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আহা, হ্যাঁ... তার পাঁচটির বেশি আঙুল রয়েছে। মজার ব্যাপার, দারুণ এআই ছবি।’

আরেকজন ব্যবহারকারী ছবিতে আরও কিছু অসংগতি থাকার কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘এটি এআই। গলফ কার্টের সামনের সিটে গলফ ক্লাবগুলো কেন রাখা হয়েছে, পেছনে নয়- যেখানে সাধারণত রাখা হয়? গলফ ক্লাবগুলোও অদ্ভুত ও নকল মনে হচ্ছে। পিনের পতাকায় কোনো ক্লাবের লোগো নেই। ওই নারীর ছয়টি আঙুল রয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ডান কানের দাগটিও নেই। ছবিটি পুরোপুরি ভুয়া।’

তৃতীয় এক ব্যবহারকারী বলেছেন, ‘প্রতিটি ফোনে এখন ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকার যুগে ছবির রেজল্যুশন কমিয়ে দিলেও বোঝা যায় এটি ভুয়া। কারণ এখন আর দানাদার ছবি দেখা যায় না।’
হার্পকে ট্রাম্পের সঙ্গে বেশ কয়েকটি গলফ খেলায় দেখা গেছে। চলতি বছরের শুরুর দিকে ভার্জিনিয়ার ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবেও তাদের একসঙ্গে ছবি তোলা হয়েছিল। সম্প্রতি ট্রাম্পের আয়ারল্যান্ড সফরেও হার্প তার সঙ্গে ছিলেন। দেশটিতে প্রেসিডেন্ট ট্রাম্প আইরিশ ওপেনে অংশ নেয়ার পাশাপাশি তার ডুনবেগ গলফ রিসোর্টও পরিদর্শন করেন। তবে ট্রাম্প ও হার্পের একসঙ্গে থাকার প্রকৃত ছবি রয়েছে- এটি ভাইরাল চুম্বনের ছবিটিও আসল, এমন প্রমাণ নয়। এ মুহূর্তে ছবিটির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। বরং ছবিটিতে থাকা বিভিন্ন অসংগতি এবং এআই ব্যবহারের সম্ভাবনার কারণে এটি ডিজিটালি পরিবর্তিত কিংবা এআই দিয়ে তৈরি হয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে।