পবিত্র মক্কা নগরীর কাছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটি ড্রোন ধ্বংস করেছে সৌদি আরব। মঙ্গলবার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই মক্কার দক্ষিণাঞ্চলে ড্রোনটি ধ্বংস করা হয় বলে জানায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। মক্কা ও মদিনায় দুই পবিত্র মসজিদের নিরাপত্তা ও হজযাত্রীদের সুরক্ষাকে চূড়ান্তসীমা (রেডলাইন) হিসেবে ঘোষণা করে হুতিদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে রিয়াদ। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।
সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি বুধবার ভোরে জানান, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিয়ে কোনো আপস.... করা হবে না। তিনি উল্লেখ করেন, এটি মক্কা নগরীকে লক্ষ্য করে হুতিদের দ্বিতীয় হামলার অপচেষ্টা। এর আগে ২০১৭ সালের জুলাইয়ে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তবে হুতিদের মুখপাত্র হাজেম আল-আসাদ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, মক্কাকে লক্ষ্যবস্তু বানানোর এই দাবি একটি পুরোনো ও ভিত্তিহীন মিথ্যাচার, যা দিয়ে কাউকে আর বিভ্রান্ত করা যাবে না। এদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৫৭টি দেশের জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ওআইসি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
সংস্থাটি বলেছে, পবিত্র স্থান, মসজিদ এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা সরাসরি সন্ত্রাসবাদের শামিল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সৌদি আরবের সার্বভৌমত্ব ও পবিত্র স্থানগুলোর সুরক্ষায় নেয়া পদক্ষেপের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে।
