২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় সভায় ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। আজ (বুধবার) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান। পরিকল্পনা বিভাগ জানিয়েছে, অনুমোদনের জন্য উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে পরিবহন, প্রতিরক্ষা, স্বাস্থ্য, পানিসম্পদ, ভূমি ব্যবস্থাপনা, রেলপথ, বিদ্যুৎ ও স্থানীয় সরকার খাতের বিভিন্ন প্রকল্প রয়েছে।
ভৌত অবকাঠামো বিভাগের আওতায় ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের লাইন-৫-এর সাউদার্ন রুট অনুমোদনের জন্য একনেক সভায় উঠছে। প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত। একইসঙ্গে রাজশাহী সড়ক জোন ও চট্টগ্রাম সড়ক জোনের অধীন জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ও সভায় উপস্থাপন করা হবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দু’টি প্রকল্পও অনুমোদনের তালিকায় রয়েছে, স্থানীয় সরকার বিভাগের আওতায় খুলনা ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনীও একনেকের অনুমোদনের জন্য উঠবে। রেলপথ মন্ত্রণালয়ের দু’টি প্রকল্প রয়েছে অনুমোদনের তালিকায়। এর মধ্যে একটি নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন ব্যবস্থা চালু করা। অপরটি বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনী।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় তৈরি পোশাক ও চামড়া খাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উন্নয়ন প্রকল্পও একনেকে পর্যালোচনা করা হবে।
পাশাপাশি বিদ্যুৎ বিভাগের মনপুরা দ্বীপ এলাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের প্রথম সংশোধনী উপস্থাপন করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের তিনটি প্রকল্প রয়েছে তালিকায়। এগুলো হলো- মা, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ; যক্ষ্মা, এইচআইভি/এইডস ও ম্যালেরিয়া মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা; এবং আর্থিক খাত সহায়তা প্রকল্প-২। এরবাইরে পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় একটি, ভূমি মন্ত্রণালয়ের আওতায় একটি প্রকল্পসহ সংশ্লিষ্ট মন্ত্রী অনুমোদিত আরও বেশ কয়েকটি প্রকল্প আজ একনেকে ওঠার কথা রয়েছে।
