ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি দাবির প্রেক্ষিতে এ নিয়ে ফের কথা বলেছেন- ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ নিয়ে আগের বক্তব্যই পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, তারেক রহমানকে ভারত থেকে দু’টি পৃথক আমন্ত্রণপত্র দেয়া হয়েছে।
সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রথমে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছি এবং পরে বিমসটেক-এর চেয়ার বা সভাপতি হিসেবে তাকে ব্রিকস সম্মেলনেও আমন্ত্রণ জানিয়েছি। অর্থাৎ তিনি দু’টি আমন্ত্রণ পেয়েছেন- একটি দ্বিপক্ষীয় সফরের এবং অন্যটি ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের।
গত ১২ ও ১৩ই সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে এবারের ব্রিকসের সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে আউটরিচ সেশনে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকার তরফে জানানো হয়, যথাযথ আমন্ত্রণ না পাওয়ায় তারেক রহমান বহুপক্ষীয় এই ফোরামে অংশগ্রহণ করেননি। আর যেহেতু বিমসটেকের চেয়ারকে দাওয়াত দেয়া হয়েছে তাই সেখানে অন্যকোনো প্রতিনিধিও পাঠানো সম্ভব হয়নি।
