কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে দুই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের পাশাপাশি ‘সিরিয়াল কিলার’ হিসেবে পরিচিত আব্দুল ওয়াদুদ ওরফে মানিক (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মানিক মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের গনিপুর গ্রামের আমিনুল ইসলাম ওরফে দুলালের ছেলে। মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান এসব তথ্য জানান। পুলিশ জানায়, গত ১২ই আগস্ট নাঙ্গলকোট থানার আটিয়াবাড়ী এলাকা থেকে মো. মেহেদী (১৮) নামে এক অটোরিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নাঙ্গলকোট থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় আব্দুল ওয়াদুদ ওরফে মানিক, শাহেদ, ফাহিম ও সেলিমকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে মেহেদীকে হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় অভিযুক্ত মানিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। পরবর্তীতে গত ২৪শে আগস্ট নাঙ্গলকোটে অপর অটোরিকশাচালক মো. আরমান হোসেন (১৫) নিখোঁজ হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে তদন্তে নেমে একটি কাটা অটোরিকশা উদ্ধারসহ মো. জোবায়ের হোসেন সুজন, নূর আলম ও মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে তারা আরমানকে অপহরণ ও হত্যার তথ্য নিশ্চিত করে। এরপর মানিককে পুনরায় গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনিও আরমানকে হত্যার কথা স্বীকার করেন। মানিকের দেয়া তথ্যের ভিত্তিতেই মনোহরগঞ্জ উপজেলার বিনয়ঘর এলাকার একটি পুকুর থেকে আরমানের লাশ উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, দুটি হত্যাকাণ্ডের মূলেই ছিল অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্য। এ ছাড়া এর আগে ২০২৪ সালের ২রা সেপ্টেম্বর অটোরিকশা ছিনতাইয়ের জন্য শাহজাহান ওরফে সাইমন (১৭) নামের এক কিশোরকে শ্বাসরোধে হত্যা করেছিলেন এই মানিক। উক্ত হত্যা মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
