কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত

ফন্ট সাইজ:

নেত্রকোণার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ইসলাম উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাছাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, দনাছাপুর গ্রামে ইসলাম উদ্দিনের সঙ্গে আজিজুল ইসলাম গংদের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে ইসলাম উদ্দিন বিরোধপূর্ণ ওই জমি থেকে মাটি আনতে গেলে আজিজুল ইসলাম গং তাকে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তখন ইসলাম উদ্দিন মাটিতে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী, জমি সংক্রান্ত বিরোধের জেরে ঠেলাধাক্কায় আহত হয়ে ইসলাম উদ্দিনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।