দৌলতপুর সীমান্তে পুশইন চেষ্টা প্রতিহত করলো বিজিবি ও স্থানীয়রা

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে এক ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। পরে বিজিবি’র সতর্ক অবস্থান, তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা এবং স্থানীয়দের বাধার মুখে এ চেষ্টা ব্যর্থ হয়েছে। উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্ত পিলার থেকে আনুমানিক ১২০ গজ ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের নাসিরাপাড়া ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় এক নাগরিককে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।

এ সময় বিজিবি সদস্যদের সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা এবং স্থানীয়দের বাধার মুখে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে বিএসএফ সদস্যরা ওই নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। সোমবার রাতে ঘটনাটি জানাজানি হলে বিজিবি ঘটনার সত্যতা নিশ্চিত করে। বিজিবি সূত্র আরও জানায়, ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ভারতীয় নাগরিক ভারতের অভ্যন্তরে চলে যায়।