মাদারীপুরের রাজৈরে বহুল আলোচিত সেকান্দার হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে এবং সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নাহিদুর রহমান নাহিদ এ রায় ঘোষণা করেন। মাদারীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমারত হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজৈর উপজেলার বাসাবাড়ী গ্রামের মৃত গফুর হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (৩০), টিটন হাওলাদার (২৬), বাচ্চু হাওলাদার (৪০) ও আতিয়ার হাওলাদার (৩৫)। আদালতের রায়ে লিটন, টিটন ও বাচ্চু হাওলাদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অন্য আসামি আতিয়ার হাওলাদারকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। জানা গেছে, ২০১৪ সালের ৫ই জুলাই সন্ধ্যায় রাজৈর উপজেলার বাসাবাড়ী ব্রিজের পশ্চিম পাশে সেকেন্দার আলী হাওলাদার ও তার ভাতিজা কামরুল হাওলাদারের উপর হামলার ঘটনা ঘটে। জমিসংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালানো হয়।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে সেকেন্দার আলী ও কামরুল হাওলাদারকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় ২০১৪ সালের ৬ই জুলাই রাজৈর থানায় মামলা করা হয়। দীর্ঘ ১২ বছর বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করা হয়েছে। মাদারীপুর আদালতের পিপি এমারত হোসেন বলেন, আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে চার আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। তিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
