রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৬৪ জনের পরিবার পেলো ২ কোটি ১৬ লাখ টাকার সরকারি আর্থিক সহায়তা। গতকাল দুপুরে জেলা প্রশাসন কার্যালয় মিলনায়তনে এ আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক ইসরাত জাহান। এতে রংপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩০ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট দেড় কোটি, গুরুতর আহত ১৮ জনকে ১ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা এবং সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এমন ১৬ জন ভুক্তভোগীকে ৩ লাখ করে মোট ৪৮ লাখ টাকা বিতরণ করা হয়। বিআরটিএ রংপুর অফিসের সহকারী পরিচালক শফিকুল আলম সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের করা আর্থিক সহায়তার আবেদনের প্রেক্ষিতে বিআরটিএ নিয়মিত আর্থিক সহায়তার চেক বিতরণ করছে। যাদের আর্থিক সহায়তা প্রদান করা হলো তাদের বেশির ভাগই পরিবারের প্রধান উপার্জনকারীই সড়ক দুর্ঘটনার শিকার।
অনেকের স্বামী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বা শরীরের কোনো অঙ্গ হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, একটি পরিবারের যখন কেউ সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে যায় বা আহত হয়, সেই ক্ষতিটি কোনোভাবে পূরণ করা সম্ভব নয়। তবুও সরকারের মানবিক দৃষ্টিকোণ থেকে নেয়া উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে স্বাবলম্বী গড়ে তুলতে এ অর্থ প্রদান করা হয়েছে।
