চট্টগ্রামের সীতাকুণ্ডের ব্যবসায়ী ও তরুণ রাজনীতিবিদ মো. ইব্রাহিম খলিল নিশানের (৩৪) পরিচয় ও ছবি ব্যবহার করে ফেসবুকে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি সূত্রে জানা যায়, গত ১৪ই সেপ্টেম্বর সকাল ৮টা ১০মিনিটের দিকে পরিচিতজনদের মাধ্যমে তিনি জানতে পারেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল’, ‘কাজী সালাউদ্দিন ভাই’ নামের ফেসবুক গ্রুপ/পেজ এবং ‘পরী মনি’ নামের একটি আইডি থেকে তার পরিচয় ও ছবি ব্যবহার করে বিভিন্ন পোস্ট ও মন্তব্য করা হচ্ছে। এসব পোস্টে তাকে মাদক ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ত এবং বিএনপি’র সিনিয়র নেতাদের টাকা দিয়ে প্রমোট করে সুযোগ-সুবিধা নেয়ার অভিযোগ করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করেন তিনি।
নিশান দাবি করেন, এসব ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। অজ্ঞাত ব্যক্তিরা অসৎ উদ্দেশ্যে তার পরিচয় ও ছবি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। এতে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলেও জিডিতে উল্লেখ করেন তিনি। জিডিতে নিশান নিজেকে কুমিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য এবং সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্যসচিব হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি নিজেকে একজন ব্যবসায়ী, তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক হিসেবে পরিচয় দিয়েছেন। সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম জানান, জিডিটি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
