যৌতুক দাবিতে মারধর করে স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়ার অভিযোগ

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যৌতুকের দাবিতে মারধর, নির্যাতন ও বাসা থেকে বের করে দেয়ার অভিযোগে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মুন্নি আক্তার (২৮) নামে এক নারী। মঙ্গলবার দুপুরে নবীনগর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। নবীনগর থানায় মামলা দায়ের করেছেন সেটিও তিনি স্পষ্ট করেছিলেন। মুন্নি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাগীপুর এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে নবীনগরের বাসিন্দা মোহাম্মদ আবু ইউসুফের সঙ্গে তার পরিচয় হয়।

একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠলে গত বছরের ৫ই জানুয়ারি কাজী অফিসের মাধ্যমে তারা বিয়ে করেন। বিয়ের সময় দেনমোহর নির্ধারণ করা হয় তিন লাখ টাকা। মুন্নির দাবি, বিয়ের পর তারা দেড় বছর ঢাকায় ভাড়া বাসায় এবং পরবর্তী প্রায় তিন মাস নবীনগর পৌরসভার কলেজপাড়ার ‘বেলজিয়াম হাউজে’ ভাড়া বাসায় বসবাস করেন। তিনি অভিযোগ করেন, বিয়ের কিছুদিন পর জানতে পারেন তার স্বামীর একাধিক স্ত্রী রয়েছে। এরপর থেকে বিভিন্ন পারিবারিক বিষয়কে কেন্দ্র করে তাকে গালাগাল ও মারধর করা হতো। একই সঙ্গে যৌতুক হিসেবে টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন জিনিসপত্র এনে দেয়ার জন্য চাপ দেয়া হতো। মুন্নি আরও অভিযোগ করেন, স্বামীর চাপে তিনি কয়েক দফায় বাবার বাড়ি থেকে প্রায় পাঁচ লাখ টাকা এবং আসবাবপত্র কেনার জন্য অর্থ দেন।

পরে আবারও টাকা ও বিভিন্ন জিনিসপত্রের জন্য চাপ দেয়া হয়। এসব দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও নির্যাতন করার দাবি করেন তিনি। মুন্নি বলেন, গত ১২ই সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে স্বামী আবারও বাবার বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য চাপ দেন। এতে তিনি অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করে বাসা থেকে বের করে দেয়া হয়। এ সময় বাসার কেয়ারটেকারকেও বিষয়টি জানানো হলে তিনিও তাকে বাসায় ভয়ভীতি ও হুমকি দেন বলে দাবি করেন মুন্নি। এদিকে ইউসুফ জনপ্রিয় ও প্রভাবশালী হওয়ায় তার ভয়ে কেউ তাকে কিছু বলতে সাহস পায় না। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় পড়ে তিনি নবীনগর থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে বাধ্য হয়েছেন। সংবাদ সম্মেলনে মুন্নি তার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউসুফ বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা, ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি মুন্নির করা সব অভিযোগ অস্বীকার করেন।