কুলাউড়ায় পূর্ব বিরোধের জেরে যুবকের ওপর হামলা

কুলাউড়ায় পূর্ব বিরোধের জেরে যুবকের ওপর হামলা

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কুলাউড়ায় পূর্ব বিরোধের জেরে মোহাম্মদ রিমন আহমদ চৌধুরী (৩২) নামে এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের স্থানীয় নেতা সুহেল মিয়া, মাহফুজুর রহমান ও সুহেল আহমদের নেতৃত্বে চৌধুরী বাজারে দিনদুপুরে এ হামলার ঘটনা ঘটে। এদিকে আহত রিমন পুনরায় হামলার আশঙ্কায় ঘরবন্দি অবস্থায় রয়েছেন। তবে ঘটনার ৪ দিন পর রিমনের অভিযোগটি মামলা আকারে রুজু করে তদন্তে নামে পুলিশ। কিন্তু ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও কোনো আসামি ধরা পড়েনি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. আব্দুর রব চৌধুরীর ছেলে মোহাম্মদ রিমন আহমদ চৌধুরীর সঙ্গে স্থানীয় প্রভাবশালী ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা মুকুন্দপুর গ্রামের নজির মিয়ার ছেলে সুহেল মিয়া, চাতলগাঁও গ্রামের মৃত আব্দুল মানিকের ছেলে মাহফুজুর রহমান ও একই গ্রামের মৃত মনফর মিয়ার ছেলে সুহেল আহমদের বিভিন্ন ইস্যুতে বিরোধ ছিল। গত ৭ই সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৩টার দিকে চৌধুরী বাজারস্থ ক্বারী আব্দুল হান্নানের মার্কেটের সামনের রাস্তায় রিমনকে একা পেয়ে তারা পথরোধ করে গালিগালাজ করতে থাকে। এ সময় সুহেল রড দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে রিমন প্রতিরোধ করেন।

অপরদিকে মাহফুজুর ও সুহেল আহমদ কাঠের রুল দিয়ে রিমনের শরীরের বিভিন্নস্থানে একাধিকবার আঘাত করে। এ সময় রিমনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। পরে আহত রিমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। আহত রিমন বলেন, হামলাকারীরা উগ্র প্রকৃতির লোক। ফলে আমিসহ পরিবারের সবাই আতঙ্কে আছি। এ বিষয়ে কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, বিষয়টি মামলা আকারে রুজু করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।