ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস সড়কের পাশে ডোবায় পড়ে ১৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার গোলায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ঢাকাগামী বাসটি গোলায়খালী এলাকায় সামনে থাকা একটি বাসকে ওভারটেক করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ থেকে ৪২ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে নবগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। আহত ১৩ যাত্রীকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, কেউ নিখোঁজ আছেন কি না, তা নিশ্চিত হতে ডুবুরিদল তল্লাশি চালিয়েছে। কয়েকজন যাত্রী অভিযোগ করে জানান, পাটুরিয়া ঘাট পার হওয়ার পর একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। শিবালয় থানার ওসি বলেন, ওভারটেক করার সময় বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
