কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশি হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা রেনু মিয়াকে আরারো গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। দীর্ঘ ৯ ঘণ্টার সাঁড়াশি অভিযানে সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার মাধবদী গ্রামের তার নিজ এলাকা থেকেই হাতকড়া অবস্থায় পুনরায় আটক করা হয়। রেনু মিয়া ছয়সূতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এর আগে গত সোমবার দুপুরে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে রেনুর বাড়িতে অভিযান চালায় পুলিশ।
স্থানীয়দের ভাষ্য মতে, রেনুকে আটক করে হাতকড়া পরানো হলে ঘটনাস্থলে লোকজন ভিড় জমায়। এ সময় কৌশলে লোকজনের ভিড়ের মধ্যে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যায় রেনু। ঘটনার পর থেকেই পলাতক আসামিকে ধরতে স্থানীয় প্রশাসন এবং পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে। অবশেষে রাতেই তাকে পুনরায় আইনের আওতায় আনতে সক্ষম হয় পুলিশ। কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘ অভিযানের পর তাকে হাতকড়া পরিহিত অবস্থায় আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
