কক্সবাজারে আইনজীবী সমিতি ও এনসিপি মুখোমুখি, পাল্টাপাল্টি মামলা

ফন্ট সাইজ:

পাল্টাপাল্টি মামলাকে কেন্দ্র করে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ও জেলা এনসিপি’র দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। আইনজীবীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় এনসিপি প্রথম সারির ১৪ জন নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার পর এবার পাল্টা মামলা করেছে এনসিপি নেত্রী। গতকাল চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে সাইবার সুরক্ষা আইনে মামলা পাল্টা মামলা করেন জেলা ছাত্র শক্তির মুখপাত্র জিনিয়া শারমিন রিয়া। দায়েরকৃত মামলায় এডভোকেট মোসলেম উদ্দিনকে আসামি করা হয়েছে। ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নিয়ে কক্সবাজার পিবিআইকে ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। গত ২রা সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে এডভোকেট মোসলেম উদ্দিন জিনিয়া শারমিন রিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন মর্মে মামলায় উল্লেখ করা হয়।

অন্যদিকে, জিনিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে আয়োজিত প্রতিবাদ সমাবেশ শেষে আইনজীবী মোসলেম উদ্দিনের ছবিতে জুতা নিক্ষেপ করা হলে এ নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। এ ঘটনায় আইনজীবী সমিতি জরুরি সভা আহ্বান করে আইনি পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন। ঘোষণা মতে, গত ১৩ই সেপ্টেম্বর আইনজীবী মোসলেম উদ্দিন বাদী হয়ে এনসিপি নেত্রী জিনিয়া শারমিন রিয়াসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করে দ্রুত বিচার আইনে মামলার আবেদন করেন।

মামলায় অভিযুক্তরা হলেন- সমন্বয়ক ও জেলা ছাত্র শক্তির মুখপাত্র জিনিয়া শারমিন রিয়া, রাইয়ান কাশেম, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর রহমান সোহেল, সাঈদ স্বাধীন, আতহার সাকিব, আহসান জোবায়ের, যায়েদ বিন আমান, মোহাম্মদ রহমান সোহেল, মোহাম্মদ আবদুল হালিম, শামসুল আলম শ্রাবণ, আবদু শুক্কুর রুবেল, এনামুল হক প্রমুখ। এর প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করে এনসিপি ছাত্র শক্তি ও যুব শক্তির নেতারা। এ ঘটনায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ও জেলা এনসিপি’র দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানান আলোচনা।

সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলার বিষয়ে এনসিপি কক্সবাজার জেলা শাখা এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। সুবিচার ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে পিবিআইসহ সংশ্লিষ্ট সকল প্রশাসনিক ও আইনি কর্তৃপক্ষের নিরপেক্ষ ও পেশাদার আচরণ প্রত্যাশা করছে সংগঠনটি। অপরদিকে আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুল মান্নান বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তুলে ধরে আইনজীবীদের নিরাপত্তা দাবি করেন।