ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক

ফন্ট সাইজ:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মিছিল শেষে ফেরার পথে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি হায়েস গাড়ি জব্দ করা হয়।

জানা গেছে, এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাসাড়া ও সিরাজদিখান উপজেলার চালতিপাড়ার মধ্যবর্তীস্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে। ব্যানারসহ স্লোগান দিয়ে তারা হায়েস গাড়িতে উঠে সটকে পড়ে। শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, মামলার তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে আপাতত আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। মুন্সীগঞ্জ সদর এলাকায় এরই মধ্যে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীনগর থেকে আটক ১০ জনকেও মুন্সীগঞ্জে পাঠানো হবে। সেখানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।