টিওঅ্যান্ডই নেই আশুগঞ্জ পাওয়ার স্টেশনের

টিওঅ্যান্ডই নেই আশুগঞ্জ পাওয়ার স্টেশনের

ফন্ট সাইজ:

দেশের বৃহৎ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) অনুমোদিত টিওঅ্যান্ডই (টেবিল অব অর্গানাইজেশন অ্যান্ড ইক্যুইপমেন্ট) নেই। কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে মিলেছে এ তথ্য। সাংগঠনিক কাঠামো ও সরঞ্জাম তালিকা না থাকার বিষয়টিকে গুরুতর অনিয়ম হিসেবেই দেখানো হয়েছে কোম্পানির ২০২২-২০২৩, ২০২৩-২০২৪ এবং ২০২৪-২০২৫ অর্থবছরের হিসাব সম্পর্কিত কমপ্লায়েন্স অডিট ইন্সপেকশন রিপোর্টে। এ বছরের জানুয়ারিতে ইস্যুকৃত ওই নিরীক্ষা রিপোর্টে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড কর্তৃক ২০২২-২০২৩ থেকে ২০২৪-২০২৫ অর্থবছরে অর্থ বিভাগের নির্দেশনা লঙ্ঘন করে অনুমোদিত টিওঅ্যান্ডই ব্যতিরেকে পদসৃজন, পদ সংখ্যা হ্রাস-বৃদ্ধিকরণসহ যানবাহন ও অফিস সরঞ্জামাদির সংস্থান করায় অনিয়ম সাধিত হয়েছে বলে বলা হয়।

রিপোর্টে যেকোনো সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা সরকারি মালিকানাধীন কোম্পানিসমূহের জন্য টিওঅ্যান্ডই অপরিহার্য উল্লেখ করে বলা হয়, বিস্তারিত নিরীক্ষায় কোম্পানির সার্ভিস রুলস, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাধিকারভুক্ত বিদ্যমান যানবাহন ও অফিস সরঞ্জামাদির সংস্থান পর্যালোচনায় দেখা যায় যে, এপিএসসিএল’র জন্য অদ্যাবধি কোনো অনুমোদিত টিওঅ্যান্ডই প্রণয়ন করা হয়নি। এ বিষয়ে আরও বলা হয়, টিওঅ্যান্ডইতে প্রতিষ্ঠানের মঞ্জুরকৃত পদের নাম ও যানবাহন (জিপ, কার, মাইক্রোবাস, এম্বুলেন্স প্রভৃতি) সংখ্যা ও ধরন এবং অফিস সরঞ্জামাদির (এসি, ফটোকপিয়ার, ফ্যান, রেফ্রিজারেটর প্রভৃতি) সংখ্যা ও ধরন নির্দিষ্ট করা থাকে। প্রতিষ্ঠানের প্রত্যেক প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তার গ্রেড বিবেচনায় তাদের প্রাপ্যতার ধরন নির্ধারিত থাকতে হবে।

টিওঅ্যান্ডই-তে মঞ্জুরকৃত পদসংখ্যা হ্রাস-বৃদ্ধিকরণ, পদসৃজন কিংবা পদ বিলুপ্তকরণ, অস্থায়ী পদ সংরক্ষণ, পদ স্থায়ীকরণ, সাংগঠনিক কাঠামো হালনাগাদকরণ প্রভৃতি এবং নতুন যানবাহন অন্তর্ভুক্তকরণসহ যেকোনো ধরনের পরিবর্তনের জন্য প্রতিষ্ঠানের প্রশাসনিক মন্ত্রণালয়ের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সর্বশেষ অর্থ বিভাগ (রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অনুবিভাগ, ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ, বাস্তবায়ন অনুবিভাগ) থেকে সম্মতি গ্রহণ করতে হবে মর্মে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ কর্তৃক পদসৃজন, বিলুপ্তকরণ এবং সাংগঠনিক কাঠামো অনুমোদন সংক্রান্ত নির্দেশিকাতে উল্লেখ আছে। এ ক্ষেত্রে অর্থ বিভাগের নির্দেশনা মোতাবেক অনুমোদিত টিওঅ্যান্ডই না থাকায় পদ সৃজন, পদ সংখ্যা হ্রাস-বৃদ্ধিকরণসহ যানবাহন ও অফিস সরঞ্জামাদির সংস্থান করায় অনিয়ম সাধন করা হয়েছে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের মোট গাড়ির সংখ্যা ৩৪টি। যার মধ্যে ২০টি গাড়িই পরিবহনপুলে ব্যবহ্নত হচ্ছে। প্রতিষ্ঠানের চতুর্থ গ্রেড পর্যন্ত কর্মকর্তাগণ সার্বক্ষণিক গাড়ি প্রাধিকারপ্রাপ্ত।

তবে কোন গ্রেডের কর্মকর্তার জন্য কোন ধরনের গাড়ি প্রযোজ্য তা নির্ধারণ করা নেই বিধায় ৩য় গ্রেড (প্রধান প্রকৌশলী/জিএম) ও ৪র্থ গ্রেডের (সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার) কর্মকর্তাগণ জিপ ব্যবহার করছেন। যা ১৩-১১-২০১৯ তারিখের ৪৩০নং স্মারকে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ কর্তৃক জারিকৃত নির্দেশনার লঙ্ঘন। তবে কোম্পানির নির্বাহী পরিচালক (এইচআর ও প্রশাসন) মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, মন্ত্রণালয় থেকে অনুমোদিত টিওঅ্যান্ডই তাদের রয়েছে। সেটা আমার কাছে সবসময়ই থাকে। পরবর্তীতে আমরা টিওঅ্যান্ডই টা দেখাবো। সেসময় হয়তো এটা হাতের কাছে ছিল না। দেখাতে পারে নাই। এটা একেবারেই হাস্যকর বিষয়। তাদের রিপোর্টগুলোও যে সবসময় ওথেনটিক হয় সেটাওতো বলা যাবে না। তাদেরও তো ভুল হতে পারে।