কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ঝাড়ু মিছিল করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরে এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন মহিলা দলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। একইসঙ্গে তার বক্তব্যের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। মহিলা দলের নেতাকর্মীরা বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য শুধু একজন নারী জনপ্রতিনিধির প্রতি অসম্মান নয়, বরং নারীদের প্রতি অবমাননাকর মনোভাবের বহিঃপ্রকাশ। তারা অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান। মিছিলে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
