নাটোরের লালপুরে পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিরা হলো, উপজেলার পোকন্দা পূর্বপাড়া গ্রামের মো. ইব্রাহীম হোসেনের ছেলে মো. নাজমুল হোসেন (৩৫) ও গৌরীপুর গ্রামের হাবিবুর রহমান হাবুলের ছেলে মো. রনি আহম্মেদ (২৯)। থানা সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার গোপালপুর রেলগেট সংলগ্ন মকসেদ শপিং কমপ্লেক্সে অভিযান চালায় পুলিশ।
এ সময় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ মো. নাজমুল হোসেনকে আটক করা হয়। অন্যদিকে একইদিন রাত সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী-লালপুর-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের মাধবপুর চেকপোস্টে ১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো. রনি আহম্মেদকে আটক করা হয়। এ সময় মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ বিষয়ে লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ মানবজমিনকে বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের পর মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, রনি আহম্মেদের বিরুদ্ধে এর আগেও থানায় দু’টি মামলা রয়েছে বলে জানান তিনি।
