পিরোজপুরের নেছারাবাদে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করে মো. মনির শেখ (৪২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা মো. কুদ্দুস (৭০) নামে অপর এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের তারা মিয়ার ভবনে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির নাজিরপুর উপজেলার ফলনী গ্রামের মো. আব্দুল জলিল শেখের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি মো. শাহ আলম জানান, মনির ও তার সহযোগী কুদ্দুস রাজাবাড়ী গ্রামের তারা মিয়ার বাড়ির সেপটিক ট্যাংকের কাজ করছিলেন। সকালে ট্যাংকটির ঢাকনা খুলে ভেতরের ঢালাইয়ের সেন্টারিং খুলতে মনির প্রথমে ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। পরে কুদ্দুসও সেখানে নামেন।
এ সময় শাহ আলমসহ অন্য শ্রমিকরা পাশের একটি ভবনে কাজ করছিলেন। তিনি বলেন, হঠাৎ চিৎকার শুনে তারা ছুটে গিয়ে দেখেন, সেপটিক ট্যাংকের ভেতরে দু’জনই অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে কয়েকজন মিলে ট্যাংকের ভেতরে প্রবেশ করে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। কুদ্দুসকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের বাবা মো. আব্দুল জলিল শেখ বলেন, তার ছেলে রাজাবাড়ীর তারা মিয়ার ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমেছিলেন। সেখানে ভেতরে নেমে শ্বাস বন্ধ হয়ে তার ছেলে ও তার সহযোগী অচেতন হয়ে পড়েন বলে তিনি জানতে পেরেছেন। পরে হাসপাতালে নেয়া হলে তার ছেলের মৃত্যু হয়।
নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
