হবু বউয়ের সঙ্গে দেখা করে ফেরা হলো না যুবকের

হবু বউয়ের সঙ্গে দেখা করে ফেরা হলো না যুবকের

ফন্ট সাইজ:

সাতক্ষীরার শ্যামনগরে হবু বউয়ের সঙ্গে দেখা করে ফেরার পথে শুভঙ্কর মণ্ডল (২৮) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শ্যামনগর-বংশীপুর মহাসড়কের লস্কর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভঙ্কর খুলনার কয়রা উপজেলার মহেশপুর গ্রামের দুর্গাপদ মণ্ডলের ছেলে ও রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন। নিহতের স্বজন হরিপদ মণ্ডল জানান, শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের নিপা মণ্ডলের সঙ্গে শুভঙ্করের বিয়ে ঠিক হয়। তবে পরিবারের এক সদস্যের আকস্মিক মৃত্যুতে বিয়ে পিছিয়ে যায়। তবে নিপার সঙ্গে শুভঙ্করের ফোনে নিয়মিত যোগাযোগ হতো।

এ অবস্থায় নিপার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে বিআরটিসি’র একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এদিকে তার মৃত্যুর খবরে হবুবধূ নিপা সংজ্ঞা হারিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে যায়। তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।