কুষ্টিয়ার দৌলতপুরে কবর খুঁড়ে ‘পীর’ শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের দেহাবশেষ তুলে দরবারে দাফনের ঘটনায় দায়ের করা মামলায় লালা প্রামাণিক (৪২) নামে এক ভক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাতে উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লালা প্রামাণিক একই গ্রামের মৃত মেছের প্রামাণিকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ঠা সেপ্টেম্বর রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের পাঁচশত বিঘা কবরস্থানে দাফন করা ‘পীর’ শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ তুলে পীরের দরবারে দাফন করা হয়।
পরদিন ৫ই সেপ্টেম্বর সকালে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দরবার প্রাঙ্গণে দাফন করা কবর থেকে পীরের দেহাবশেষ পুনরায় তুলে পূর্বের কবরস্থানে পুনঃস্থাপন করা হয়। পরে কবরটি বাঁধাই করে স্থায়ী করা হয়। কবর থেকে দেহাবশেষ তুলার ঘটনায় শামীমের ভাই ফজলুর রহমান বাদী হয়ে ৫ই সেপ্টেম্বর রাতে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
মামলার সূত্র ধরে লালা প্রামাণিককে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে লালা প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া লালা প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
