জামালপুরে মাদক মামলার আসামি গ্রেপ্তারের সময় মেলান্দহ থানার এসআইসহ ৪ পুলিশ সদস্য আহতের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন- মেলান্দহ থানা পুলিশের এসআই তরিকুল ইসলাম হিমন (৩৪), এএসআই আব্দুল আওয়াল (৩৭), এএসআই আবু রায়হান (৪০), পুলিশ সদস্য আবু তাহের (২৯)। এছাড়া আটককৃতরা হলেন, চর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এনামুল হক (৩৫) তার স্ত্রী সবুজা বেগম, আব্দুর রশিদের ছেলে আবু সামা (৪০) ও জামালপুর সদর উপজেলার বনপাড়া থেকে রফিকুল ইসলাম।
থানা ও এলাকা সূত্রে জানা যায়, গত রোববার বিকালে মেলান্দহের চর গ্রামে মাদকের একটি চোরাচালানের গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে এনামুলের বাড়িতে অভিযান চালিয়ে এনামুলকে আটক করে। এনামুল ওয়ারেন্টভুক্ত আসামি। এসময় এনামুল হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এসময় তার স্ত্রী সবুজা, বাবা, ভাই-বোনসহ পরিবারের সদস্যরা পুলিশের উপর আক্রমণ করে এনামুলকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ঘটনাস্থলে ৪ পুলিশ সদস্য আহত হন। এরপর রাতেই অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়।
আটককৃতদের গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে। জামালপুর পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন বলেন, এ ঘটনায় তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মেলান্দহ থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।
