ইউরোপের আলোঝলমলে মঞ্চ থেকে অনেক দূরে হলেও ফুটবলের রোমাঞ্চ ফুরিয়ে যায়নি। ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসে যোগ দিয়ে ক্যারিয়ারের নতুন এক অধ্যায় শুরু করলেন অভিজ্ঞ মিডফিল্ডার ফিলিপে কৌতিনহো। চলতি মৌসুমের বাকি সময়ের জন্য স্বদেশী ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। এর ফলে দীর্ঘদিনের বন্ধু ও ব্রাজিলিয়ান সতীর্থ নেইমারের সঙ্গে ক্লাব পর্যায়ে প্রথমবার একই জার্সিতে জুটি বাঁধতে চলেছেন তিনি।
এর আগে গত ফেব্রুয়ারিতে শৈশবের ক্লাব ভাস্কো দা গামা ছাড়ার পর থেকেই ক্লাবহীন ছিলেন কৌতিনহো। ২০২৪ সালে ভাস্কোতে ফিরে ৮১টি ম্যাচ খেলার পর মানসিক অবসাদের কথা বলে ক্লাব ছেড়ে দেন তিনি। সান্তোসে যোগদানের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কৌতিনহো বলেন, ‘এটি যদি কোনো স্বপ্ন হয়, তবে আমি আর ঘুম থেকে জাগতে চাই না।’
কৌতিনহোকে স্বাগত জানাতে দারুণ এক উদ্যোগ নেয় সান্তোস। সামাজিক যোগাযোগমাধ্যমে শৈশবের দুই বন্ধুর পুরনো একটি ছবি শেয়ার করার পাশাপাশি জিমে দাঁড়িয়ে সেই পুরনো ভঙ্গিতেই নতুন আরেকটি ছবি প্রকাশ করে ক্লাবটি। এছাড়া ড্রেসিংরুমে প্রবেশ করার পর নেইমারের উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হওয়ার একটি আবেগঘন ভিডিও প্রকাশ করা হয়, যা মুহূর্তেই ফুটবল ভক্তদের নজর কেড়ে নেয়।
ক্যারিয়ারের শুরুতে ভাস্কো দা গামায় খেললেও ইন্টার মিলান ঘুরে ২০১৩ সালে লিভারপুলে যোগ দেন কৌতিনহো। অ্যানফিল্ডে ২০১ ম্যাচে ৫৪ গোল করেন তিনি। এরপর ২০১৮ সালে রেকর্ড ১৪২ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় নাম লেখান কৌতিনহো। পরবর্তীতে বায়ার্ন মিউনিখ, অ্যাস্টন ভিলা এবং আল-দুহাইল ঘুরে নিজ দেশ ব্রাজিলে ফেরেন একসময়ের এ জনপ্রিয় ফুটবলার।
