ম্যানচেস্টার ডার্বিতে বিতর্কিত গোল বহাল রাখার জেরে বড় ধরনের শাস্তি পেলেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ম্যাট ডনোহিউ এবং সহকারী ভিএআর ব্লেক অ্যানথ্রুপ্রাস। চলতি সপ্তাহের ইংলিশ প্রিমিয়ার লীগের কোনো ম্যাচেই তাদের আর দায়িত্ব দেয়া হয়নি। প্রিমিয়ার লীগের রেফারিং বডি ‘প্রো রেফ’-এর প্রধান রেফারি কর্মকর্তা হাওয়ার্ড ওয়েব এবং তার ব্যবস্থাপনা দল এই সিদ্ধান্ত নেন।
গত রোববার ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১০ জনের ম্যানচেস্টার সিটি ১-০ গোলে জয় পায়। ম্যাচের ৬০ মিনিটে ইয়োস্কো ভার্দিওলের ক্রস থেকে শট নিয়ে জয়সূচক গোলটি করেন নরওয়েজিয়ান তারকা আর্লিং ব্রুট হালান্দ। শুরুতে মাঠের রেফারি অফসাইডের কারণে গোলটি বাতিল করেন। তবে ভিএআর-এর হস্তক্ষেপে তা বহাল রাখা হয়। কারণ, প্যাট্রিক ডরগুর বুটের কারণে হালান্দ অনসাইডে ছিলেন বলে রায় দেন রেফারিরা।
তবে গোলটি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। কেননা, গোল হওয়ার আগে সিটির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ অফসাইড পজিশনে থেকে হেডের জন্য ডাইভ দেন এবং খেলার গতিপথে বাধা সৃষ্টি করেছিলেন।
এ বিষয়ে ‘প্রো রেফ’ এক বিবৃতিতে স্বীকার করে বলে, ‘এটা নিশ্চিত যে এনজো ফার্নান্দেজ বল স্পর্শ করেননি, যার ফলে যেকোনো অফসাইড অফেন্স বা অপরাধ ছিল সম্পূর্ণ সাবজেক্টিভ বা ব্যাখ্যা সাপেক্ষ।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘তবে এই ঘটনায় ভিএআর তার অবস্থানের সম্ভাব্য প্রভাব বুঝতে পারেনি এবং তাদের অন-ফিল্ড রিভিউয়ের সুপারিশ করা উচিত ছিল।’
ম্যাচের ২৩ মিনিটে ফিল ফোডেন লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ওই এক গোলেই জয় ছিনিয়ে নেন সিটিজেনরা। ফলে প্রিমিয়ার লীগে নিজেদের প্রথম চার ম্যাচে শতভাগ জয়ের ধারা বজায় রাখে এনজো মারেস্কার শিষ্যরা।
