ক্ষেপণাস্ত্র ও ড্রোন আতঙ্কে সৌদি আরবের ছয় প্রদেশে সতর্কতা, ইয়েমেনে নিহত ৩

ক্ষেপণাস্ত্র ও ড্রোন আতঙ্কে সৌদি আরবের ছয় প্রদেশে সতর্কতা, ইয়েমেনে নিহত ৩

ফন্ট সাইজ:

হুতি বিদ্রোহীরা নিয়মিত হামলা চালাচ্ছে সৌদি আরবে। সকালে সৌদির সিভিল ডিফেন্স বিভাগ থেকে জাজান প্রদেশ এবং আল-উলায় সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করা হয়। সাধারণ মানুষের সুরক্ষায় তাৎক্ষণিকভাবে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিয়মিত আপডেট পাওয়ার ওপর জোর দেয়া হয়।

এর আগে জেদ্দা, ইয়ানবু ও তায়েফের বাসিন্দাদের সম্ভাব্য বিপদের মুখে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছিল। সিভিল ডিফেন্সের মহাপরিচালক সাধারণ মানুষকে শান্ত থাকার পরামর্শ দেন। কোনো ধরনের আতঙ্ক না ছড়িয়ে সবাইকে নিরাপদ স্থানে অবস্থান নিতে এবং কেবল সরকারি তথ্যের ওপর নির্ভর করার তাগিদ দেয়া হয়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

পরবর্তীতে জেদ্দা, ইয়ানবু, তায়েফ, আল-উলা, আভা এবং জাজানসহ অন্তত ছয়টি প্রদেশে বিপদের আশঙ্কা কেটে গেছে বলে জানায় দেশটির সিভিল ডিফেন্স। এক বিবৃতিতে নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে কোনো স্থানে জড়ো না হওয়া এবং ছবি বা ভিডিও তোলা থেকে বিরত থাকতে বলা হয়।
ইয়েমেনের তায়েজে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় নিহত ৩
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে হুথিদের নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, ধুবাব ও মাকবানাহ জেলায় হওয়া হামলায় আরও দুইজন আহত হন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অনুগত বাহিনী সেখানে হুথিদের কাছ থেকে বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ পুনরায় নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ায় সংঘাত তীব্র আকার নিয়েছে।