তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

স্বাস্থ্য নিয়ে জল্পনার অবসান

তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের সিনেটর মিচ ম্যাককনেল তিন মাসের অনুপস্থিতির পর আবারও কংগ্রেসে ফিরেছেন। তিনি বাড়িতে পড়ে গিয়ে আহত হন। হাসপাতালে ভর্তি হওয়ার পর অবশেষে কংগ্রেসে যোগ দিয়েছেন। ওই ঘটনার পর এটাই ছিল সিনেটে তার প্রথম উপস্থিতি। ৮৪ বছর বয়সী কেন্টাকির রিপাবলিকান এই সিনেটর বলেন, সিনেটের ফ্লোরে ফিরে সহকর্মীদের দেখতে পেরে আমি সত্যিই আনন্দিত। সোমবার বিচার বিভাগীয় একটি মনোনয়নের ওপর ভোট দেয়ার মধ্য দিয়ে তিনি কাজে ফেরেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

ম্যাককনেলের দীর্ঘ অনুপস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে তার স্বাস্থ্য সম্পর্কে নানা জল্পনা তৈরি হয়। একই সঙ্গে তার শারীরিক অবস্থার বিষয়ে আরও স্বচ্ছ তথ্য প্রকাশের দাবি জানিয়েছিল ডেমোক্রেটরা। সিনেটের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় কোনো দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করা ম্যাককনেল ৪১ বছর ধরে সিনেটের সদস্য।

সোমবার দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমার সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াটি দীর্ঘ এবং প্রায়ই হতাশাজনক ছিল। শৈশবে পোলিওতে আক্রান্ত হওয়ার দীর্ঘমেয়াদি প্রভাবও বিষয়টিকে সহজ করেনি। তিনি আরও বলেন, আমি এখনো পুরোপুরি ১০০ শতাংশ সুস্থ হয়ে উঠিনি। তবে গুরুত্বপূর্ণ ভোটের সময় উপস্থিত থাকার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। কেন্টাকির বাসিন্দাদের হয়ে চলতি মাসে আবার স্বাভাবিকভাবে কাজ করতে পারায় তিনি আনন্দিত বলেও বিবৃতিতে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে নিজের বাসা থেকে বের হওয়ার সময় ম্যাককনেলকে হুইলচেয়ারে করে একটি গাড়িতে উঠতে দেখা যায়। কিছুক্ষণ পর তিনি সিনেটের ফ্লোরে উপস্থিত হন। সেখানে কয়েকজন সিনেটর তাকে স্বাগত জানান।