মাজার জিয়ারত করতে আজ সিলেট যাচ্ছেন প্রেসিডেন্ট

মাজার জিয়ারত করতে আজ সিলেট যাচ্ছেন প্রেসিডেন্ট

ফন্ট সাইজ:

প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর মাজার জিয়ারত করতে প্রথমবারের মতো সিলেট আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে আসবেন তার স্ত্রীও। প্রেসিডেন্টকে বরণ করে নিতে সিলেটে বর্ণাঢ্য প্রস্তুতি নেয়া হয়েছে। নগর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি সিলেট নগরে ৯ ঘণ্টা অবস্থান করবেন। সফরকালে বিকালে সিলেট সিটি করপোরেশন তাকে নাগরিক সংবর্ধনা দেবে। সিটি প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী জানিয়েছেন, প্রেসিডেন্টকে বরণে ইতিমধ্যে সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। নগর ভবন প্রাঙ্গণকে সাজানো হচ্ছে বর্ণিল সাজে।

তিনি জানিয়েছেন, নগর ভবনের সামনে সংবর্ধনাস্থলে ১ হাজার ২শ’ আমন্ত্রিত অতিথির বসার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে সিলেটের মন্ত্রী ও হুইপ ছাড়া বিভিন্ন পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। সকাল সোয়া ১১টায় প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওসমানী বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর তিনি যাবেন সার্কিট হাউজে। সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) ও বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। বিকাল সাড়ে ৩টায় তিনি নগর ভবনের সামনে সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন এবং ওইদিন রাত ৮টায় ওসমানী বিমানবন্দর থেকে আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এদিকে, প্রেসিডেন্টের সফর উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ ৭টি পয়েন্টে সিলেট মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাগত জানানো হবে। সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নির্দেশনায় নগরীর নির্ধারিত ৭টি পয়েন্টে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বাগত কর্মসূচিতে নেতৃত্ব দেবেন। নগরের চৌকিদেখী পয়েন্ট, আম্বরখানা পয়েন্ট, দরগাহ গেইট, চৌহাট্টা পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট, টিলাগড় পয়েন্ট, শাহপরান পয়েন্টে তাকে বিএনপি’র নেতাকর্মীরা অভিবাদন জানাবে।