পশ্চিমবঙ্গে উপনির্বাচনে দুই তৃণমূল কংগ্রেসের লড়াই নিয়ে কৌতূহল

ফন্ট সাইজ:

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পরে এবার পশ্চিমবঙ্গে দু’টি কেন্দ্রের উপনির্বাচন নিয়ে রাজনীতিতে প্রবল কৌতূহল তৈরি হয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে আগামী ৬ই অক্টোবর উপনির্বাচন। এই দু’টি আসনে সব রাজনৈতিক দলই শক্তি পরীক্ষায় নামতে চলেছে। সেইসঙ্গে প্রচারের আলোয় থাকার লড়াইয়েও। বিজেপি এখনো পর্যন্ত প্রার্থীদের নাম ঘোষণা না করলেও অন্য দলগুলো দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর লড়াই কেমন হবে তার দিকে তাকিয়ে সকলে। তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল প্রতীক নিয়ে মমতাপন্থি তৃণমূল কংগ্রেস এবং ঋতব্রতপন্থি তৃণমূল কংগ্রেসের মধ্যে বিরোধ চলছে। দুই গোষ্ঠীই প্রতীকের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায় নি। অথচ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ পার হতে চলেছে। ফলে দুই গোষ্ঠীই দুই কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

রোববার মমতাপন্থি তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে প্রার্থী করেছে সঞ্চিতা প্রধান দে-কে। রেজিনগরে প্রার্থী করেছেন সাবেক বিধায়ক রবিউল আলম চৌধুরীকে। ঋতব্রতপন্থি তৃণমূল কংগ্রেস অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হওয়ার আবেদন জানিয়ে সরে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু মমতা কোনো ঝুঁকি নিতে চান নি। ফলে সোমবার সন্ধ্যায় বিদ্রোহী গোষ্ঠীর নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের হয়ে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মহম্মদ সামিউল হক ও রেজিনগরের প্রার্থী হিসেবে সফিউজ্জামান শেখের নাম ঘোষণা করেছেন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারির নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি’র শুভেন্দু অধিকারী। কিন্তু তিনি জয়ী হয়ে ভবানীপুর কেন্দ্রটি রেখে দিয়ে নন্দীগ্রাম আসন থেকে পদত্যাগ করেছেন। এদিকে রেজিনগরে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর আমজনতা উন্নয়ন পার্টি গঠন করে নওদা ও রেজিনগর দু’টি আসনেই জয়ী হয়েছিলেন। তবে রেজিনগর আসনটি তিনি পুত্রের জন্য ছেড়ে দিয়েছেন। উপনির্বাচনের দু’টি আসনে এবারো কংগ্রেস এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। সেইমতো কংগ্রেস প্রথম প্রার্থীদের নাম ঘোষণা করেছে। নন্দীগ্রামে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিলন প্রধান।

অন্যদিকে, রেজিনগরে কংগ্রেসের প্রার্থী হয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি। বামফ্রন্টের পক্ষ থেকে নন্দীগ্রামে সিপিআই প্রার্থী করেছে শান্তি গিরিকে। রেজিনগরে সিপিআইএম প্রার্থী করেছে সৈয়দ আসাদ আলিকে। রেজিনগরে বাবার ছেড়ে দেয়া আসনে আমজনতা উন্নয়ন পার্টির প্রতীকে লড়ছেন হুমায়ুন কবীরের পুত্র গোলাম নবি আজাদ।