৩২ আওয়ামী লীগ নেতাসহ ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৫৪৭

ফন্ট সাইজ:

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩২ আওয়ামী লীগ নেতাসহ ৫৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি ডিএমপি’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি মানবজমিনকে নিশ্চিত করেছেন।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৫৪৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩২ জন রয়েছেন। এর মধ্যে রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৩২ জন, ওয়ারী বিভাগ ৭৭ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১৩৮ জন, গুলশান বিভাগ ৫৩ জন, উত্তরা বিভাগ ৫৬ জন, গোয়েন্দা বিভাগ ২ জন ও সিটিটিসি বিভাগ ২ জনকে গ্রেপ্তার করে। অভিযানকালে ২ হাজার ৩২১ পিস ইয়াবা, ২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেনসিডিল, ৫ বোতল বিদেশি মদ, ৮টি মোবাইল ফোন, ২০০ গজ ইন্টারনেট ক্যাবল, ১টি বাস, ১২ হাজার ৭৫০ টাকা, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১টি সামুরাই ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।