সেপ্টেম্বরের পর বাংলাদেশ ফুটবল লীগের নতুন মৌসুম শুরু করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনুরোধ জানায় ১০টি ক্লাব। তবে ক্লাবগুলোর দাবি উপেক্ষা করে গত রোববার রাতে লীগ ও ফেডারেশন কাপের সূচি নির্ধারণ করে বাফুফে। সূচি অনুযায়ী, ১৮ই সেপ্টেম্বর শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। আসিয়ান কাপকে সামনে রেখে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৯ ফুটবলার বর্তমানে জাতীয় দলের ক্যাম্পে আছেন। মোহামেডানও আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেনি। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমকে সামনে রেখে আজ থেকে অনুশীলন শুরু করতে চায় ক্লাবটি।
এ কারণে গতকাল বাফুফেকে চিঠি দিয়ে ৯ ফুটবলারকে ফেরত চেয়েছে মোহামেডান। আগামী ২৫শে সেপ্টেম্বর জাতীয় ফুটবল দল আসিয়ান কাপ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে। ১৯শে সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার সম্ভাবনা রয়েছে। মোহামেডান জানিয়েছে, ফিফার নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সময়ে তারা জাতীয় দলের জন্য খেলোয়াড় ছেড়ে দেবে। মোহামেডানের ৯ ফুটবলার: সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, রহমত মিয়া, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, ফয়সাল আহমেদ ফাহিম, সৌরভ দেওয়ান, সোহেল রানা, শাহরিয়ার ইমন।
