নারী হকির বাকি ৫ খেলোয়াড় জাপান যাচ্ছে আজ

নারী হকির বাকি ৫ খেলোয়াড় জাপান যাচ্ছে আজ

ফন্ট সাইজ:

জাতীয় নারী হকি দলের ১৩ খেলোয়াড় খেলেন সদ্য সমাপ্ত জুনিয়র এশিয়া কাপ টুর্নামেন্টে। চীনে হওয়া সেই টুর্নামেন্টে পঞ্চম হয় বাংলাদেশ। এবার তাদের গন্তব্য জাপান। মিশন এশিয়ান গেমস। এ উদ্দেশ্যে গতকাল রাতে সাংহাই থেকে তারা জাপানের নাগোয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। দলের বাকি ৫ জন খেলোয়াড় আজ বাংলাদেশ থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হবেন। গত এপ্রিলে এশিয়ান গেমস হকির বাছাইপর্বে হংকং চায়নাকে ২-১ গোলে হারিয়ে মূলপর্বের টিকিট কাটে বাংলাদেশ। প্রথমবারের মতো এশিয়ান গেমসে নাম লেখায় মেয়েরা। এশিয়ান গেমস হকিতে এবার পুল ‘এ’তে খেলবে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান ও চাইনিজ তাইপে। পুল ‘বি’তে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক জাপান লড়াই করবে। দুই পুলের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। ২০শে সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় শক্তিশালী চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসের মিশন শুরু করবে বাংলাদেশ।

পরদিন মালয়েশিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজ প্রতিনিধিরা। ২৩শে সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া, ২৫শে সেপ্টেম্বর কাজাখস্তান ও ২৭শে সেপ্টেম্বর চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনাল হবে ২রা অক্টোবর। চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৮ অলিম্পিকে খেলার টিকিট পাবে। দ্বিতীয় থেকে পঞ্চম হওয়া দল খেলবে অলিম্পিকের বাছাইপর্ব।