পশ্চিমবঙ্গে উপনির্বাচনে দুই তৃণমূল কংগ্রেসের লড়াই নিয়ে কৌতুহল

ফন্ট সাইজ:

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পরে এবার পশ্চিমবঙ্গে দুটি কেন্দ্রের উপনির্বাচন নিয়ে রাজনীতিতে প্রবল কৌতুহল তৈরি হয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন। এই দুটি আসনে সব রাজনৈতিক দলই শক্তিপরীক্ষায় নামতে চলেছে। সেইসঙ্গে প্রচারের আলোয় থাকার লড়াইয়েও। বিজেপি এখনও পর্যন্ত প্রার্থীদের নাম ঘোষনা না করলেও অন্য দলগুলি দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর লড়াই কেমন হবে তার দিকে তাকিয়ে রয়েছে সকলে। তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল প্রতীক নিয়ে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস এবং ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের মধ্যে বিরোধ চলছে। দুই গোষ্ঠীই প্রতীকের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে।

কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানায় নি। অথচ উপনির্বাচনে মনোনয়ন পত্র জমা দেবার তারিক পার হতে চলেছে। ফলে দুই গোষ্ঠীই দুই কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। গত রবিবার মমতাপন্থী তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে প্রার্থী করেছে সঞ্চিতা প্রধান দে-কে। রেজিনগরে প্রার্থী করেছেন সাবেক বিধায়ক রবিউল আলম চৌধুরীকে। ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেস অবশ্য মমতা বন্দোপাধ্যায়কে প্রার্থী হবার আবেদন জানিয়ে সরে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু মমতা কোনও ঝুঁকি নিতে চান নি। ফলে সোমবার সন্ধ্যায় বিদ্রোহ গোষ্ঠীর নেতা ঋতব্রত বন্দোপাধ্যায় তাদের হয়ে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মহম্মদ সামিউল হক ও রেজিনগরে প্রার্থী হিসেবে সফিউজ্জমান শেখের নাম ঘোষনা করেছেন।

উল্লেখ্যগত ফেব্রুয়ারির নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। কিন্তু তিনি জয়ী ভবানীপুর কেন্দ্রটি রেখে দিয়ে নন্দীগ্রাম আসন থেকে পদত্যাগ করেছেন। এদিকে রেজিনগরে তৃণমূল কংগ্রেসের বহিষ্কুত বিধায়ক হুমায়ুন কবীর আম জনতা উন্নয়ন পার্টি গঠন করে নওদা ও রেজিনগর দুটি আসনেই জয়ী হয়েছিলেন। তবে রেজিনগর আসনটি তিনি পুত্রের জন্য ছেড়ে দিয়েছেন।

উপনির্বাচনের দুটি আসনে এবারও কংগ্রেস এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। সেইমতো কংগ্রেস প্রথম প্রার্থীদের নাম ঘোষনা করেছে। নন্দীগ্রামে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিলন প্রধান। অন্য দিকে, রেজিনগরে কংগ্রেসের প্রার্থী হয়েছেন মহম্মদ আব্দুল্লাহি কাফি। বামফ্রন্টের পক্ষা থেকে নন্দীগ্রামে সিপিআই প্রার্থী করেছে শান্তি গিরিকে। রেজিনগরে সিপিআইএম প্রার্থী করেছে সৈয়দ আসাদ আলিকে। তবে আসন সমঝোতা নিয়ে সিপিআইএমের সঙ্গে মতবিরোধের জেরে এবার রেজিনগর আসনে আলাদা প্রার্থী ঘোষণা করেছে আরএসপি। রবিবার সন্ধ্যায় আরএসপি জানিয়ে দিয়েছে, রেজিনগরে তাদের প্রার্থী বিকাশ চন্দ্র মিশ্র। ফলে একই আসনে বামফ্রন্টের দুই শরিক দলের প্রার্থী দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। রেজিনগরে বাবার ছেড়ে দেওয়া আসনে আম জনতা উন্নয়ন পার্টির প্রতীকে লড়ছেন হুমায়ুন কবীরের পুত্র গোলাম নবি আজাদ। দুই আসনে এখনও প্রার্থীদের নাম ঘোষণা করেনি বিজেপি।