রিহ্যাব সভাপতি আলী আফজাল ঋণ খেলাপি হওয়ায় রিয়াল এস্টেট ও আবাসন ব্যবসায়ীদের সংগঠনটির প্রধান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে আলী আফজাল ঋণখেলাপি হওয়ায় ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইনের ২৩ (১)(খ) ধারা অনুযায়ী তার রিহ্যাব সভাপতি পদ শূন্য হিসেবে ঘোষণা করা হলো।’
ওই ধারায় বলা আছে, ‘কোনো ব্যক্তি কোনো বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না অথবা কোনো পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না, যদি তিনি— ঋণখেলাপি হন অথবা হালনাগাদ কর, ভ্যাট, শুল্ক পরিশোধ না করে থাকেন। তবে শর্ত থাকে যে, কোনো পদে নির্বাচিত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি ঋণখেলাপি অথবা করখেলাপি হিসেবে তালিকাভুক্ত হওয়ার তারিখ থেকে ১৮০ দিনের মধ্যে ওই ঋণ বা কর পরিশোধ না করলে সেই পদ শূন্য বলে বিবেচিত হবে।’
১৮ এপ্রিল অভিযোগ আর পাল্টা অভিযোগের রিহ্যাব নির্বাচনে সভাপতি নির্বাচিত হন আলী আফজাল। প্রগতিশীল প্যানেল থেকে গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান আফজাল ২৩২ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তখনকার বিদায়ী সভাপতি ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের’ ওয়াহিদুজ্জামান পেয়েছিলেন ১৯৩ ভোট।
