পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে ৫০ জন চল্লিশোর্ধ্ব পরিবহন শ্রমিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে। শনিবার টার্মিনালের ১ নম্বর প্ল্যাটফরমে সেন্টার ফর ওয়ার্ক অ্যান্ড অকুপেশনাল হেলথ সেফটি (ঈডঙঐঝ) কর্তৃক আয়োজিত এ ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পে শ্রমিকদের ইসিজি, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়। ক্যাম্পটির পরিচালনা করেন ডা. জয়ন্ত মালাকার। চিকিৎসাসেবা প্রদান করেন ডা. রাফি মোহাম্মদ আদনান। এ সময় আয়োজকরা জানান, দেশে চালকদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে কেউ কোনো ধরনের উদ্যোগ নেয়নি। অথচ দীর্ঘ সময় গাড়ি চালানোর কারণে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বাড়তি চাপ পড়ে। কর্মব্যস্ততার কারণে অনেক চালক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা নেয়ার সুযোগ পান না। ফলে পরবর্তী সময়ে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে এবং সড়ক দুর্ঘটনার কারণও হতে পারে।
ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ সেলিম বলেন, আমরা অনেকদিন ধরে শ্রমিকদের স্বাস্থ্য নিয়ে কাজ করছি। সড়ক নিরাপত্তার ক্ষেত্রে শ্রমিকদের সুস্বাস্থ্য আগে নিশ্চিত করতে হবে। অসুস্থতার কারণে অনেক সময় সড়ক দুর্ঘটনা ঘটে। আমাদের লক্ষ্য অন্তত প্রতি মাসে দু’টি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা। তিনি আরও বলেন, অনেক পরিবহন চালক আগে থেকে নিজেদের শারীরিক অসুস্থতা সম্পর্কে সচেতন না থাকায় পরবর্তীতে স্ট্রোক করে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও রোগের প্রাথমিক পর্যায় শনাক্তকরণের ওপর গুরুত্ব দেয়া প্রয়োজন।
সায়েদাবাদ বৃহত্তর উত্তরবঙ্গ বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের প্রধান উদ্দেশ্য। বাংলাদেশের পরিবহন শ্রমিকরা খুবই অবহেলিত। তাদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। তাই শ্রমিকদের হৃদ্রোগ, কিডনি রোগ ও জন্ডিসকে গুরুত্ব দিয়ে প্রতি মাসে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজনের ব্যবস্থা করা হবে।
যাত্রাবাড়ী থানা বিএনপি’র আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল বলেন, আজকের কর্মসূচিটা শ্রমিক ভাইদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আমরা প্রতি মাসে এই ক্যাম্পটা চালিয়ে যাবো। তাদের স্বাস্থ্য ভালো থাকলে দুর্ঘটনা কমবে। একজন ড্রাইভার অনেক সময় জানে না, তার শরীরে কী সমস্যা রয়েছে। অসুস্থ শরীর নিয়ে গাড়ি চালানোর ফলে সড়কে দুর্ঘটনা ঘটে।
