রাজধানীতে আওয়ামী লীগের আরও ৪৮ নেতাকর্মী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৪৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় ডিএমপি’র বিভিন্ন এলাকা থেকে ৪০ নেতাকর্মী এবং উত্তরখানে গোপন বৈঠক থেকে যুবলীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এবং উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ডিএমপি’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, শনিবার রাতে মিছিলে অংশগ্রহণকারী ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বার্তায় গ্রেপ্তারকৃতদের বিস্তারিত নাম-পরিচয় জানানো হয়নি। এর আগে শনিবার মিছিলে ‘সরাসরি অংশগ্রহণকারী’ ৩২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ। এর ফলে গুলশানের ওই মিছিলের পরে সর্বমোট ৭২ জনকে গ্রেপ্তার করা হলো। মিছিলের সময়ই ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দু’জনকে আটক করা হয়েছিল। একইদিন এই মিছিলের ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। শনিবার পুলিশ জানিয়েছিল, ঘটনাস্থল থেকে দু’জনসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, ২৪ জনকে শনিবার আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন। বিচারক তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ বিষয়ে গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, ডিএমপি’র বিভিন্ন থানা থেকে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে।

উত্তরখানে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্তত ৩০ জন পালিয়ে যায়। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উত্তরখান তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- ৪৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম রায়হান (৩৩), মো. রাকিব (২৩), আব্দুর রহমান (৪০), মো. তানভীর খান (২৬), মাহফুজুর রহমান (২৪), মো. সিফাত (৩৩), বকুল আহমেদ ওরফে রাজু (২৪) ও মো. আশিক মিয়া (২৩)।

পুলিশ জানায়, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানের তালতলার গ্যারেজে গ্রেপ্তারকৃত কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সরকার উৎখাতের জন্য পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এ সময় অজ্ঞাতনামা অন্তত ৩০ জন নেতাকর্মী পালিয়ে যায়। এ বিষয়ে উত্তরখান থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তালতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গোপনে মিটিং করার মুহূর্তে যুবলীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।