সাইবার আইন সংশোধনে জনমত নিচ্ছে সরকার: আইনমন্ত্রী

ফন্ট সাইজ:

সাইবার আইন-২০২৬ সংশোধনের আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বলেন, মানুষের বাক্‌?স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়েই সংশোধনী প্রস্তাবটি যাচাই বাছাই করা হচ্ছে। সাংবাদিকদের পরামর্শ থাকলে সেগুলোও সংশ্লিষ্ট কমিটিতে উপস্থাপন করা হবে। গতকাল সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ-বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সাইবার আইন-২০২৬ যথেষ্ট নয়- এমন মতামতের পর এটি সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও বাক্‌?স্বাধীনতার বিষয়টি আরও যাচাই বাছাইয়ের জন্য তা একটি উপ-কমিটিতে পাঠানো হয়েছে। ইতিমধ্যে জনপরামর্শের প্রক্রিয়াও শুরু হয়েছে।

তিনি বলেন, প্রথম ধাপে জাতীয় পর্যায়ের বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতও নেয়া হচ্ছে। ইয়েলো জার্নালিজম ও সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রহননের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা ফ্রিডম অব এক্সপ্রেশন, ফ্রিডম অব স্পিচ, ফ্রিডম অব কনসায়েন্স, বিবেকের স্বাধীনতা ও কথা বলার স্বাধীনতা চাই। একইসঙ্গে ইয়েলো জার্নালিজম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে মানুষের চরিত্রহননের চেষ্টা করা হয়, সেটা নিয়ন্ত্রণের দাবিও বিভিন্ন দিক থেকে আসছে।’

রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনায় নেয়া হবে না। বিএনপি’র কোনো নেতা এ পথে বাধা হয়ে দাঁড়ালেও তাকে বিবেচনায় নেয়া হবে না। সাব-রেজিস্ট্রারদের বদলি প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় পোস্টিং পেতে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। এ কারণে প্রথমবারের মতো ঢাকা শহরে সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে। এর মাধ্যমে সাব-রেজিস্ট্রি বিভাগে অনিয়ম কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। এর আগে সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচিত এমপি, সংরক্ষিত আসনের এমপি, এমপি পদপ্রার্থী, জেলা ও উপজেলা বিএনপি’র সভাপতি/সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী।