রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম-এর সদস্য এবং ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচি ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে তারা দুপুর ১টার দিকে কর্মসূচি শেষ করে চলে যান। তবে দুই পক্ষই আজ আবারও অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে। এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাংক পাড়ায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেজন্য সতর্ক অবস্থানে ছিল পুলিশ।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম-এর সদস্যরা ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত রাখা, ব্যাংকে সুশাসন নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার দাবিতে বিক্ষোভ করেন। কর্মসূচিতে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবসায়ী ও গ্রাহকেরাও অংশ নেন। তারা বিভিন্ন স্ল্লোগান দেন এবং ব্যাংকের ব্যবস্থাপনা ও কার্যক্রম নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
অন্যদিকে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের অভিযোগ, এস আলম গ্রুপের সময়ে নিয়োগ পাওয়া এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও সনদ যাচাইয়ের পর অনেক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের দাবি, অন্যায়ভাবে তাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।
এর আগে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। কর্মসূচিতে সংগঠনটির সদস্যরা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা ও কার্যক্রম নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।
দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে মতিঝিল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, যে কোনো আন্দোলন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এবং এমন স্থানে করার জন্য উৎসাহ দেয়া হচ্ছে, যেখানে মানুষের যাতায়াত কম ও জনদুর্ভোগ কম হয়।
