চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। আর আক্রান্তের সংখ্যা হয়েছে ২ হাজার ৮৮৩ জন। রোববার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু রোগীর দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া দুজনের একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) এবং অন্যজন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে চিকিৎসাধীন ছিলেন। চমেক হাসপাতালে মারা যাওয়া অর্পিতার বয়স ২৬ বছর। তিনি নগরের কোতোয়ালি এলাকার বাসিন্দা। ১০ই সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১১ই সেপ্টেম্বর তার মৃত্যু হয়। পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়েছিল।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, মাল্টিপল অর্গান ফেইলিউর (এমওএফ), ডিআইসি, সেপসিস ও আইইউডিসহ এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোমে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে, এভারকেয়ার হাসপাতালে মারা যাওয়া শামসুন নাহার খানমের বয়স ৫০ বছর। তিনি নগরের আগ্রাবাদ হাউজিং সোসাইটি এলাকার বাসিন্দা। ১১ই সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর সেদিনই জরুরি বিভাগে তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির আগে করা পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়েছিল। চিকিৎসকদের দেয়া তথ্য অনুযায়ী, অপরিবর্তনীয় কার্ডিও-রেসপিরেটরি ফেইলিউর, হাইপোভোলেমিক শক, এআরডিএস ও টাইপ-১ রেসপিরেটরি ফেইলিউরের কারণে তার মৃত্যু হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন রোগীদের মধ্যে চমেক হাসপাতালে ১০৫ জন, বিআইটিআইডিতে ৩৫ জন, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৭ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৪ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২৪ জন এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ২৫ জন রয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত সরকারি হাসপাতালে ২ হাজার ৪৫৭ জন এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ৪২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৭৩ জন। এদিকে চট্টগ্রামে হাম পরিস্থিতিও অব্যাহত রয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের একই প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৭৫ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন ৭ হাজার ৭৮২ জন।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ৭৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ৪৮৬ জন এবং ১৫ উপজেলায় ২৫৭ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত সন্দেহভাজন হামে ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মহানগরে ১৩ জন এবং উপজেলায় দু’জন মারা গেছেন।
