ঢাবিতে বরিশাল বিভাগীয় নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাবিতে বরিশাল বিভাগীয় নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ’ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল বিভাগের ছাত্র-ছাত্রীদের মিলনমেলায় পরিণত হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা এবং প্রবীণ ও নবীনদের মধ্যকার ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বরিশাল বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোরশেদ হাসান খান।

এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মো. শাহ সুফি ওয়াছি মিয়া। সঞ্চালনা করেন আইভি আক্তার ও মো. শাকিল। আয়োজক হিসেবে বক্তব্য রাখেন কাজী মাহমুদুল হাসান এবং সুমন হোসেন প্রমুখ ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী এং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার, সংরক্ষিত নারী আসন-৪৯ এর সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, উপকূল ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা চেয়ারম্যান ড. আমীরুল হক পারভেজ চৌধুরী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও ফ্যাসিবাদের বিরোধী ছাত্রঐক্যের মুখপাত্র সাইফ মাহমুদ জুয়েল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিকাল ৪টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত এই বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বরিশাল বিভাগের ঐতিহ্য নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন,নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও স্মারক প্রদান, নবীন শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ, অতিথিদের বক্তব্য উপস্থাপন শেষে সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় গান ও নাচে মেতে ওঠেন শিক্ষার্থীরা। রাতে র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়েই শেষ নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়।

আয়োজকরা জানিয়েছেন, প্রবীণ ও নবীন শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক পরিচয়, সম্প্রীতি ও মেলবন্ধন সুদৃঢ় করার মাধ্যমে একটি প্রাণবন্ত স্মরণীয় মুহূর্ত তৈরি করাই এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য।
বৃহত্তর বরিশালের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতিকে ধারণ করে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে নবীন ছাত্র-ছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে সর্বোচ্চ চেষ্টা চালানোর পাশাপাশি দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রেখে সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান। নতুন পরিবেশ ও নতুন পথচলায় নবীনদের দিকনির্দেশনা প্রদান করেন ।