জাপানের আইচি-নাগোয়ায় ১৯শে সেপ্টেম্বর পর্দা উঠবে এশিয়ান গেমসের। তার আগে ফুটবল ইভেন্টে খেলা শুরু হচ্ছে আজ থেকে। প্রতিযোগিতায় আজ বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে নামবে শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে। ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। এই ম্যাচের আগে গতকাল আনুষ্ঠানিক প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে কথা বলেন মারিয়া মান্দাদের প্রধান কোচ পিটার বাটলার। বৃটিশ কোচ জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশকে বাস্তববাদী হতে হবে। উত্তর কোরিয়া ম্যাচে বাংলাদেশের পরিকল্পনা নিয়ে বাটলার বলেন, ‘এই ম্যাচের জন্য আমাদের আলাদা কোনো পরিকল্পনা নেই। মূল লক্ষ্য হলো নিজেদের সেরাটা উজাড় করে দেয়া। নিজেদের প্রতি সৎ থেকে বলতে গেলে- এই ম্যাচে আমাদের জয়ের বিন্দুমাত্র সম্ভাবনাও কেউ দেখছে না।
বাস্তবতাও হয়তো সেটাই।’ এ বছরের মার্চে এএফসি নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলে বাংলাদেশ। সেখানে গ্রুপ পর্বে দেখা হয় উত্তর কোরিয়ার সঙ্গে। ম্যাচে ৫-০ গোলে হার দেখে লাল-সবুজের প্রতিনিধিরা। ৬ মাসের ব্যবধানে ফের সেই নারী ফুটবলের পরাশক্তিদের বিপক্ষে মাঠে নামছে বাটলারের দল। সেই ম্যাচের কথা মনে করে বাটলার বলেন, ‘গত এশিয়ান কাপে আমরা তাদের কাছে ৫-০ গোলে হেরেছিলাম। সেবার আমরা মোটেও ভালো খেলতে পারিনি। তবে সেই হার আমাদের তরুণ মেয়েদের জন্য বড় একটি
শেখার অভিজ্ঞতা ছিল।’ ম্যাচে বাংলাদেশের হারটা অনুমিতই ছিল। তবে এর পেছনের সুদুরপ্রসারী পরিকল্পনার অভাবকে দায়ী করছেন এই বৃটিশ কোচ। তিনি বলেন, ‘আমাদের বাস্তবমুখী হতে হবে। আমাদের দেশে তো মেয়েদের নিয়মিত কোনো লীগই নেই! তাই এই ম্যাচ নিয়ে আমাদের বড় কোনো ফলাফলের প্রত্যাশা না করে বাস্তববাদী হওয়া জরুরি। আমাদের মূল লক্ষ্য দলের মর্যাদা (ক্রেডিবিলিটি) ধরে রাখা।’
‘এফ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে উত্তর কোরিয়া, মিয়ানমার ও দক্ষিণ কোরিয়া। গ্রুপ থেকে সেরা দুই দল যাবে কোয়ার্টার ফাইনালে। পাশাপাশি তিন গ্রুপের সেরা তৃতীয় হয়ে দুটি দলও যাবে শেষ আটে। এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টে এ নিয়ে দ্বিতীয়বার অংশ নিচ্ছে বাংলাদেশ। ২০২৩ সালে অংশ নেয়া আগেরবারের আসরে বাংলাদেশ নারী ফুটবল দল হেরে যায় গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ।
