অসুস্থ দুই শিক্ষার্থীর চিকিৎসায় ফান্ড সংগ্রহে চা বিক্রি তিতুমীরের ছাত্রদল নেতার

অসুস্থ দুই শিক্ষার্থীর চিকিৎসায় ফান্ড সংগ্রহে চা বিক্রি তিতুমীরের ছাত্রদল নেতার

ফন্ট সাইজ:

সরকারি তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থী সাদিয়া আয়াত কিডনি জটিলতায় এবং সোহানুর রহমান দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। দুই শিক্ষার্থীর চিকিৎসায় ফান্ড সংগ্রহে তিতুমীরের ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক আবু হোজাইফা রকি। দুই শিক্ষার্থীর চিকিৎসার জন্য তহবিল সংগ্রহে চা বিক্রির উদ্যোগ গ্রহণ করেন তিনি। এ বিষয়ে আবু হোজাইফা রকি বলেন, ছাত্ররাজনীতি মানেই শুধু স্লোগান বা রাজনৈতিক কর্মকাণ্ড নয়। ছাত্ররাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং তাদের যেকোনো বিপদে-আপদে পাশে দাঁড়ানো। দুই শিক্ষার্থীর চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রয়োজন, বিষয়টি জানতে পেরে আমি মনে করেছি, তাদের জন্য আমাদের কিছু একটা করা প্রয়োজন। সেই মানবিক দায়বদ্ধতা থেকেই চা বিক্রির মাধ্যমে ফান্ড সংগ্রহের এই উদ্যোগ।

আমরা শুধু অর্থ সংগ্রহ করতে চাইনি, এই মহৎ কাজে সাধারণ শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করতে চেয়েছি। একটি চায়ের মূল্য হয়তো খুব বেশি নয়, কিন্তু অনেক মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা একসময় একটি বড় সহায়তায় পরিণত হতে পারে।

আমাদের উদ্দেশ্য শুধু ফান্ড সংগ্রহ নয়। আমরা চাই, তিতুমীর কলেজে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও মানবিকতার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন হোক। একজন শিক্ষার্থী বিপদে পড়লে সে যেন নিজেকে একা মনে না করে। তিতুমীর কলেজের কোনো সাধারণ শিক্ষার্থী বিপদে পড়লে সে একা নয়। তার পাশে আছে তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থী, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনগুলো। আজকের এই উদ্যোগের মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই, ছাত্ররাজনীতি মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি হতে পারে, মানবিকতার রাজনীতি হতে পারে।
আমরা বিশ্বাস করি, একজনের সামর্থ্য সীমিত হতে পারে, কিন্তু সবার সম্মিলিত সহযোগিতা কখনোই ছোট নয়। সাদিয়া ও সোহানের সুস্থতার জন্য আমরা সবাই এগিয়ে আসি। মানুষ মানুষের জন্য, আর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের সহপাঠীর জন্য।”