আদানির গোড্ডা কেন্দ্রে থেকে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু

আদানির গোড্ডা কেন্দ্রে থেকে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু

ফন্ট সাইজ:

ভারতের ঝাড়খণ্ডের আদানি পাওয়ারের গোড্ডা কেন্দ্রের ২ নম্বর ইউনিট থেকে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। রোববার দুপুর ১২টা ৪ মিনিটে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি বাংলাদেশের জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়।

পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ কর্মকর্তা মো. নাহিদ হাসান গণমাধ্যমককে বলেন, ‘কিছুক্ষণ আগে ইউনিটটি গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে।’ তবে পূর্ণ উৎপাদনে যেতে আরও কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ওই রাতে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। পরদিন শুক্রবার চাহিদা কম থাকায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ ছিল। তবে গতকাল মধ্যরাতে লোডশেডিং বেড়ে সর্বোচ্চ প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াটে পৌঁছায়।

উল্লেখ্য, ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। ২০১৭ সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি করে পিডিবি। বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দু’টি ইউনিট আছে। চাহিদা বুঝে দেড় হাজার মেগাওয়াটের বেশি সরবরাহ করার রেকর্ড আছে এই কেন্দ্রটির।